ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকার বেশি কর দাবির বৈধতা নিয়ে করা পৃথক রিট খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ-সংক্রান্ত দুটি মামলার রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। এর মধ্যে একটির রায় ১৫ পৃষ্ঠার এবং অন্যটির ৩২ পৃষ্ঠার।
এর আগে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ কল্যাণের করা দুটি রিট খারিজ করে রায় দেন।
জাতীয় রাজস্ব বোর্ডের পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭—এই পাঁচ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে কর বাবদ ৬৬৬ কোটি টাকার বেশি দাবি করা হয়। এ দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে পৃথক রিট আবেদন করে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট অন্য একটি হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রিট খারিজ করেছিলেন। পরে বিচারিক বেঞ্চের একজন বিচারকের পূর্ববর্তী সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসায় সেই রায় প্রত্যাহার করা হয়। এরপর মামলাগুলো নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ছিলেন ড. মুহাম্মদ ইউনূস।
