
আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালির আকাশে উড়তে থাকা একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছেন রেভল্যুশনারি গার্ডের সদস্যরা। যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ ড্রোন গোয়েন্দা নজরদারি এবং নির্ভুলভাবে হামলা চালানোর সক্ষমতার জন্য পরিচিত।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হয়। হামলার জবাবে সংঘাতের প্রথম দিন থেকেই ইরান পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল বন্ধ করে দেয়। অন্যদিকে, পরবর্তী সময়ে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে ওয়াশিংটন।
পরবর্তী সময়ে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান এই প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। তবে কৌশলগত এই জলপথের নিরাপত্তা নিয়ে দুই দেশের মতপার্থক্যের কারণে সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া থমকে যায়।
ফার্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনীর মোট ৫৪টি ড্রোন ধ্বংস করেছে আইআরজিসি। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
অর্থসূচক/
The post হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান appeared first on অর্থসূচক.
