গিটার হাতে সংগীতের জগতে যাত্রা শুরু করেছিলেন চট্টগ্রামের নাহিদ জামান। সেই যাত্রার ৩৬ বছর পেরিয়ে গেছে। দীর্ঘ এই সময়ে মঞ্চে গিটার বাজানো, বিভিন্ন শিল্পীর গানে কাজ করা, অডিও অ্যালবাম ও মিউজিক ভিডিও তৈরিÑ সংগীতের নানা ক্ষেত্রেই যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি ৩০ বছর ধরে গিটার প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এই সংগীতশিল্পী।
রাজধানীর মগবাজার ও গুলশান ২ এলাকায় রয়েছে তার নিজস্ব গিটার প্রশিক্ষণ একাডেমি। সেখানে নতুনদের গিটার শেখানোর পাশাপাশি নিজের সংগীতচর্চাও অব্যাহত রেখেছেন তিনি।
দীর্ঘ সংগীতজীবনে একটি অডিও সিডি ও তিনটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন নাহিদ। বিভিন্ন মিশ্র অ্যালবামে খ্যাতিমান শিল্পীদের গানে গিটার বাজানোর অভিজ্ঞতাও রয়েছে তার। একক পরিবেশনার পাশাপাশি ব্যান্ডের সঙ্গে কনসার্টেও অংশ নিয়েছেন তিনি।
সংগীতের সঙ্গে দীর্ঘ পথচলা প্রসঙ্গে নাহিদ জামান বলেন, ‘সংগীতের সঙ্গে আমার পথচলা ৩৬ বছরের। এই দীর্ঘ সময়ে অনেক কিছু শিখেছি, অনেক মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। গিটার আমার কাছে শুধু একটি বাদ্যযন্ত্র নয়, এটি আমার জীবনেরই একটি অংশ।’
এখনো নতুন কিছু শেখা ও কাজ করার আগ্রহ ধরে রেখেছেন নাহিদ। নিজের গান নিয়ে আরও কাজ করার পাশাপাশি নতুন প্রজন্মকে গিটার শেখানোর মাধ্যমে সংগীতের প্রতি আগ্রহী করে তুলতে চান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নাহিদ বলেন, ‘শেখার কোনো শেষ নেই। সামনে নিজের গান নিয়ে আরও কাজ করতে চাই। পাশাপাশি নতুন প্রজন্মকে গিটার শেখানোর মাধ্যমে তাদের সংগীতের পথে এগিয়ে যেতে উৎসাহিত করতে চাই।’
নতুন কয়েকটি গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন এই শিল্পী। একই সঙ্গে গিটার প্রশিক্ষণের কাজও চালিয়ে যেতে চান তিনি। নাহিদের ভাষায়, ‘যত দিন সংগীতের সঙ্গে থাকতে পারব, তত দিন নতুন কিছু করার চেষ্টা করে যাব।’
সংগীতচর্চার পাশাপাশি বাদ্যযন্ত্র বিক্রির কাজেও যুক্ত রয়েছেন নাহিদ জামান। অনলাইনে তার একটি বাদ্যযন্ত্রের পেজ রয়েছে। সেখানে ইউকুলেলে, গিটার, ফুট প্যাডেল, গিটারের তারসহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বিক্রি করেন তিনি।
৩৬ বছরের সংগীতযাত্রায় গিটার বাজানো থেকে শুরু করে প্রশিক্ষণ ও বাদ্যযন্ত্র নিয়ে কাজÑ বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন নাহিদ জামান। ভবিষ্যতেও নিজের গান নিয়ে কাজ করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে গিটারচর্চা ছড়িয়ে দিতে চান তিনি।
