লাল বলের এনসিএলের প্রথম রাউন্ডে খেলেননি শেখ মেহেদী হাসান। তবে দ্বিতীয় রাউন্ডে ফিরেই খুলনা বিভাগের হয়ে বোলিং ভেলকি দেখান তিনি। পরে আবার ব্যাট হাতে আলো ছড়িয়ে সেঞ্চুরি করেছেন এই স্পিন অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি একই ইনিংসে ৫ উইকেট এবং শতরান করলেন।
বেশ ভালো অবস্থানে রয়েছে খুলনা দলও। গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ মেহেদী টেস্ট ক্রিকেট তার কাছে স্বপ্ন বলে মন্তব্য করেছেন। অন্য আর পাঁচজন ক্রিকেটারের মতো তিনিও লাল বলে খেলতে মুখিয়ে আছেন, ‘টেস্ট ক্রিকেট তো স্বপ্ন। সব সময় টেস্ট ক্রিকেটের জার্সি পরার জন্য সব আন্তর্জাতিক খেলোয়াড় মুখিয়ে থাকে।’
লাল বলের ক্রিকেটে এমন পারফরম্যান্সের পর সাকিব আল হাসানের প্রসঙ্গ টানলেন মেহেদী, ‘পাঁচ উইকেট নিতেও ভালো লাগে, ১০০ রান করতেও ভালো লাগে। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব ভাইকে এমন পারফর্ম করতে দেখেছি। ঘরোয়া ক্রিকেটে নিজেও এরকম করতে পারলে ভালো লাগে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল শেখ মেহেদীর। পরবর্তীতে ওয়ানডেতেও তিনি লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আট বছরের বেশি সময় পার করেও এখনও টেস্ট খেলা হয়নি তার।
এসএইচ/এএইচএস
