চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা তারেক হোসেন বাপ্পীকে নির্মমভাবে গুলি করে হত্যার ঘটনায় ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও জেলা ডিবির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত তারেক হোসেন বাপ্পির মা জমিলা খাতুন বাদী হয়ে শনিবার রাত ১২টার দিকে হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম।
রোববার (১৮ অক্টোবর) এ হত্যাকাণ্ডের বিষয়ে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, নিহত তারেক হোসেন বাপ্পীর সঙ্গে মামলার প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেন ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। অভিযুক্তদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাপ্পী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বেশ কয়েকবার সতর্ক করেছিলেন। কিন্তু ছাত্রদল নেতা আরিফ ও তার বাহিনী উল্টো পরিকল্পিতভাবে বাপ্পী ও শাওনের ওপর হামলা চালায়।
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগর মোড়ে গুলিতে নিহত হন তারেক হোসেন বাপ্পী। এ ঘটনায় তাফসির আলম শাওন নামে আরেক যুবক গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
