সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপের কারণে বাংলাদেশ থেকে দেশটিতে সরাসরি ও ট্রানজিট রুটের ১০৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১৬ হাজার ৬২০ জন যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ।
বেবিচকের বিবৃতি অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে। অনেক যাত্রীকে পড়তে হয়েছে ভোগান্তিতে।
সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইনসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট রুটে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়া এবং দেশটির বিভিন্ন বিমানবন্দরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদ বিমানবন্দরগুলোর কার্যক্রম সীমিত করেছে। বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর। এতে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে এবং যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি ভ্রমণসূচি পরিবর্তনসহ নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এমএমটি
