১৫ মামলার আসামি রাসেলসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৯ মোটরসাইকেল
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- ৫০৩ বার পড়া হয়েছে
রাজধানীতে মোটরসাইকেল চুরির ১৫টি মামলার আসামি রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পুলিশের দাবি, বিশেষভাবে তৈরি লোহার চাবি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলের লক ভেঙে চুরি করত রাসেলের চক্র।
এ ঘটনায় রাসেলসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চোরাই নয়টি মোটরসাইকেল, লক ভাঙার দুটি বিশেষ চাবি ও চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেল (৩০), মো. আমির ফয়সাল ওরফে রাব্বি (৩০), ফয়সাল (২৫), সৌরভ (২২), জাহাঙ্গীর আলম পাপ্পু (২৯) ও মোজাম্মেল হক মাসুম (২২)।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, গত ২ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে বাইতুর রহমান মসজিদের সামনে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এক ব্যক্তি মোটরসাইকেলটি লক করে আসরের নামাজ আদায় করতে মসজিদে ঢোকেন। এ সুযোগে চক্রের সদস্যরা বিশেষভাবে তৈরি লোহার চাবি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে লক ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান।
চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে আসে। পরে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের শনাক্ত করে।
এরপর সবুজবাগ থানার নন্দীপাড়া ও মাদারটেক এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে লক ভাঙার দুটি বিশেষ চাবি ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেটের সামনে থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ আমির ফয়সাল ওরফে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার লাকসাম থানা এলাকায় অভিযান চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় ফয়সাল ও সৌরভকে গ্রেপ্তার করা হয়। একইভাবে নোয়াখালীর চাটখিল থানা এলাকায় অভিযান চালিয়ে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ জাহাঙ্গীর আলম পাপ্পু ও মোজাম্মেল হক মাসুমকে গ্রেপ্তার করা হয়। মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ও রাব্বি জানান, তাঁরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একই কৌশলে মোটরসাইকেল চুরি করতেন। পরে চুরি করা মোটরসাইকেলগুলো কুমিল্লার লাকসামের ফয়সাল ও সৌরভ এবং নোয়াখালীর চাটখিলের পাপ্পু ও মাসুমের কাছে সরবরাহ করতেন বলে জানায় ডিবি।
শফিকুল ইসলাম জানান, রাসেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির ১৫টি মামলা রয়েছে। আমির ফয়সাল ওরফে রাব্বির বিরুদ্ধে রয়েছে চুরির সাতটি মামলা। এ ছাড়া রাসেলের বিরুদ্ধে একটি জিআর সাজা পরোয়ানা এবং রাব্বির বিরুদ্ধে দুটি জিআর পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জনপ্রিয় সংবাদ
