শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের ত্রিদেশীয় বুড়িমারী স্থলবন্দরে টানা সাত দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
জানা গেছে, বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে।
বুড়িমারী স্থলবন্দর শুল্ক স্টেশন (কাস্টমস) ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ভারত থেকে কোনো পণ্যের আমদানি-রপ্তানি করা হবে না। এর সঙ্গে যুক্ত হবে ২৩ অক্টোবর।
২৪ অক্টোবর থেকে উভয় দেশের বাণিজ্যিক কার্যক্রম ফের চালু হবে। একই সময়ে ভারতের ট্রানজিট রুট ব্যবহার করে বাংলাদেশের বুড়িমারী দিয়ে ভুটান ও নেপালের করা ব্যবসা বা আমদানি-রপ্তানিও বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার সচল থাকবে বলে ইমিগ্রেশন সূত্র জানিয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান জানান, ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনগুলোর পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ে পণ্য পারাপার বন্ধ রাখার বিষয়টি সংশ্লিষ্ট সব দপ্তরকে জানানো হয়েছে। তবে এ সিদ্ধান্তের কারণে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না।
