Home / চাঁদপুর / চাঁদপুর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অনিয়মে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অনিয়মে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
in চাঁদপুর
চাঁদপুর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম এবং মূল্য তালিকা না রাখা দায়ে চারটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদরের বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের দায়ে হিরা ডেন্টাল কেয়ার ও ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে অনুসরণ না করায় ফাতেমা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মূল্য তালিকা না রাখা ও মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে আল্লাহর দান স্টোরকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে কামরুল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
তিনি আরো জানান, অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি না করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৩ অক্টোবর ২০২৬
