Published : 13 Oct 2026, 10:04 PM
Updated : 13 Oct 2026, 10:04 PM
এখনও চোট থেকে সেরে ওঠেননি লিভারপুলের আলেকসান্দের ইসাক, কোডি গাকপো ও দমিনিক সোবোসলাই। ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এলএএসকের বিপক্ষে খেলতে পারবেন না তারা।
অস্ট্রিয়ান ক্লাবটির বিপক্ষে বুধবার মাঠে নামবে লিভারপুল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায়।
গত রোববার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচেও ওই তিন জনকে পায়নি লিভারপুল।
গত সপ্তাহে শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে জাতীয় দলে খেলার সময় চোট পান তারা। নেশন্স লিগে প্রথম ম্যাচ খেলার পর ঊরুর চোটে ছিটকে যান সুইডিশ স্ট্রাইকার ইসাক। আর অ্যাঙ্কেলে চোট পাওয়ার আগে নেদারল্যান্ডসের হয়ে দুটি ম্যাচ খেলতে পারেন গাকপো। দুজনই আগেভাগে ক্লাবে ফিরে আসেন।
আর সোবোসলাই হাঙ্গেরির সবগুলো ম্যাচ খেললেও, হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ফিরে আসেন।
নির্দিষ্ট সময়ের মধ্যে সুস্থ হতে না পারায় অস্ট্রিয়া সফরের লিভারপুলের ২৩ সদস্যের স্কোয়াডে তাদের কাউকেই রাখা হয়নি।
এবারের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দারুণ হয় লিভারপুলের। প্রথম ম্যাচে তারা হারিয়ে দেয় আতলেতিকো মাদ্রিদকে, ২-১ গোলে।
