আজকাল ওয়েবডেস্ক: চার্চিল ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার ইন্টার কাশীর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। শুক্রবার পুনের বালেওয়াড়ি স্টেডিয়ামে এমজি ইন্ডিয়ান সুপার লিগের এই ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়। জয়ের ধারাবাহিকতা বজায় রেখে লিগের শীর্ষস্থান দখল করাই লক্ষ্য লাল-হলুদ শিবিরের।
রবিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন দানি রামিরেজ। প্রথমার্ধের বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ান এডমুন্ড লালরিন্দিকা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল করেন বিপিন সিং। আক্রমণভাগের কার্যকারিতার পাশাপাশি রক্ষণেও নজর কেড়েছিল কলকাতার দল। সেই আত্মবিশ্বাস নিয়েই শুক্রবারের ম্যাচে নামতে চাইছেন লাল-হলুদ ফুটবলাররা।
পরিসংখ্যানও ইস্টবেঙ্গলের পক্ষে কথা বলছে। আইএসএলে শেষ ১৪টি ম্যাচে ৩৪টি গোল করার পাশাপাশি মাত্র ১১টি গোল হজম করেছে তারা। চার্চিল ব্রাদার্সকে হারিয়ে লিগে অপরাজিত থাকার ধারাও বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। বর্তমানে টানা ১১টি ম্যাচে অপরাজিত লাল-হলুদ ব্রিগেড। ফলে ইন্টার কাশীর বিরুদ্ধেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।
তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ ইস্টবেঙ্গল। কার্লোস ভাজ পিন্টোর প্রশিক্ষণাধীন ইন্টার কাশী লিগের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে ০-২ গোলে হেরে গেলেও পরের ম্যাচে ওডিশা এফসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে। ফলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। মাঝমাঠের দখল রাখা এবং রক্ষণে শৃঙ্খলা বজায় রাখাই লাল-হলুদের কাছে বড় চ্যালেঞ্জ হতে পারে।
দুই দলের লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করছে অতীতের ফলাফলও। চলতি বছরের শুরুতে ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়েই এমজি আইএসএলের শিরোপা জিতেছিল ইস্টবেঙ্গল। সেই জয়ের সুবাদে ক্লাবের ঘরে এসেছিল চতুর্থ জাতীয় লিগ শিরোপাও। শুক্রবার ফের জিততে পারলে লিগের দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষস্থানে ওঠার সুযোগ থাকবে ইস্টবেঙ্গলের সামনে।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দলের শক্তি ও স্কোয়াডের গভীরতার কথা তুলে ধরেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর কথায়, “আমরা এমন একটি শক্তিশালী দল গড়ে তুলেছি, যেখানে প্রয়োজনের সময় যে কেউ এগিয়ে এসে পারফর্ম করতে পারে। চ্যাম্পিয়ন হতে গেলে এই ধরনের বহুমুখিতা ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা প্রয়োজন।”
অন্যদিকে, চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে জোড়া গোল করে ইস্টবেঙ্গলের হয়ে এমজি আইএসএলে ১৫০তম গোলটি করার নজির গড়েছেন বিপিন সিং। নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, “গত ম্যাচে জোড়া গোল করতে পারা আমার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আমাদের সামনে অত্যন্ত ব্যস্ত সূচি রয়েছে। তবে পেশাদার ফুটবলার হিসেবে আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হয়। এমজি আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু, দুই প্রতিযোগিতাতেই ভাল পারফরম্যান্স করে সাফল্য অর্জন করাই আমাদের লক্ষ্য।”
সব মিলিয়ে, একদিকে দুর্দান্ত ছন্দে থাকা ইস্টবেঙ্গল, অন্যদিকে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ইন্টার কাশী। শুক্রবারের লড়াইয়ে জয় পেয়ে লিগের শীর্ষে ওঠার সুযোগ কাজে লাগাতে চাইবে লাল-হলুদ শিবির।
