অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়া ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে রামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বিমানে ঢাকায় নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, মিজানুর রহমান মিনু কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার অংশ হিসেবে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
তিনি জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। এরপর বুধবার সকালে অসুস্থতা বোধ করলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রীর এপিএস জানান, ভূমিমন্ত্রী নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে দেশে ফেরেন।
বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে ভূমিমন্ত্রী লেখেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে যেন জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’
এদিকে ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আনম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা, ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির নেতারা।