পারভিন্দর খুনের প্রতিবাদে পাঞ্জাবে বন্ধ
'পারভিন্দর সিং ইনসাফ কমিটি'-র ডাকে আজ, বৃহস্পতিবার পাঞ্জাব বন্ধ। মাদকবিরোধী আন্দোলনের পরিচিত কর্মী পারভিন্দর সিং ঝোটা গত মঙ্গলবার গুলিবিদ্ধ হয়ে খুন হন। তিনি মানসা এলাকায় এক ওষুধের দোকানে মাদক বিক্রির প্রতিবাদ জানাতে গিয়ে নিহত হন। খুনে জড়িত থাকার অভিযোগে দোকানের মালিককে রাজস্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের প্রতিবাদে ও ন্যায়বিচারের দাবিতে বন্ধ ডাকা হয়েছে। রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে কংগ্রেস, বিজেপি, শিরোমণি আকালি দল-সহ অন্য রাজনৈতিক সংগঠনগুলি। বন্ধ সমর্থন করছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনও। দোকান, বাজার-সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত এবং যানবাহন চলাচল বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে বন্ধ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির আশঙ্কা
পুজোর আনন্দে সাময়িক বাধা হতে পারে বৃষ্টি। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও অষ্টমী থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস। সোমবার মহাষ্টমী থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। সেই সঙ্গে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। ভোরের দিকে অনুভূত হতে পারে হালকা শিরশিরানি ভাব।
