সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কাজলের পুজো শুরু
বলিউড অভিনেত্রী কাজল মুম্বইতে তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে দুর্গাপূজা উদযাপনের সূচনা করেছেন। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু সুন্দর মুহূর্ত ও দেবী দুর্গার প্রতিমার ছবি-ভিডিও শেয়ার করেছেন তিনি। উৎসবে কাজলের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মা বর্ষীয়ান অভিনেত্রী তনুজা, বোন তানিশা মুখার্জি, ভাই খ্যাতনামা পরিচালক অয়ন মুখার্জি এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
অনিতের অভিযোগ!
অনিতের আগামী ছবি 'শক্তি শালিনী'-র কাজ এখন চলছে এবং মুক্তির মাত্র কয়েক মাস বাকি রয়েছে। অনিত জানান, শুটিং সেটের খাবার নাকি "অত্যন্ত খারাপ।" এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে "ফিল্ম সেটে থাকার সবচেয়ে ভাল এবং সবচেয়ে খারাপ দিকটি কী?" এর উত্তরে তিনি বলেন যে সেটে থাকার "কোনও নেতিবাচক দিক নেই।" তবে, সেটে খাবারের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন—এই প্রশ্ন করা হলে তিনি দ্রুত জানান যে তিনি ফিল্ম সেটে পরিবেশিত কোনও খাবারই খান না। তিনি বলেন, "আমি আর ওসব (সেটের খাবার) খাই না। কারণ আমার সৌভাগ্য যে আমি বাইরে থেকে অর্ডার করতে পারি। তবে যখন আমি সেটের খাবার খেতাম মনে হত যেন সোডা ঢেলে দেওয়া হয়েছে। আর পাপড় খাওয়ার সময় মুখ জড়িয়ে যেত।"
জুটিতে রাম চরণ ও সারা
‘ধুরন্ধর’ ছবির আকাশছোঁয়া সাফল্যের পর এবার দক্ষিণী ছবির দুনিয়ায় বড় খবরের কেন্দ্রবিন্দুতে তরুণী অভিনেত্রী সারা অর্জুন। সূত্রের খবর, মেগাস্টার রাম চরণ এবং প্রখ্যাত পরিচালক সুকুমারের পরবর্তী বহুল প্রতীক্ষিত ছবি—‘RC17’-এ প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য কথা চলছে সারার সঙ্গে। ২০১৮ সালের ব্লকবাস্টার ছবি ‘রঙ্গস্থলম’-এর পর এই জুটির পুনর্মিলন নিয়ে অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ছবির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে এবং চলতি বছরের ডিসেম্বর মাস থেকে ছবির মূল শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
