যশোরের একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত এক অবাধ্য সন্তান ও এক মাসকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল ওই সাজা দেন।
সদর উপজেলার রামনগরের ওয়াইসিয়া গেট এলাকার মিজানুর রহমানের ছেলে আমিনুর রহমান সাজিম (২৫) মাদকাসক্ত। সে প্রায় তার পিতার কাছে মাদক সেবনের টাকা চাই। টাকা না দিলে পরিবারের সদস্যদের মারপিট ও বাড়িঘর ভাংচুর করে। গত ৯ অক্টোবর সাজিম তার পিতার ওপর চড়াও হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এসআই আব্দুস সালাম তাকে আটক করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই অভিযোগে আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাদণ্ড দেন।
অন্যদিকে গত ১০ অক্টোবর রাতে এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয় শহরের বারান্দীপাড়ার মৃত আব্দুল ওয়াজেদের ছেলে ইকবাল হোসেনকে (৬০)। কোতোয়ালি থানার এসআই মোড়ল মিজানুর রহমান তাকে আটক করে অভিযোগপত্র আদালতে পেশ করেন। বিচারকের কাছে ইকবাল হোসেন দোষ স্বীকার করলে বিচারক তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দন্ডপ্রাপ্ত দুইজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
