শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলার মিনাপুর বিওপির আওতাধীন আট কিলোমিটার সীমান্ত এলাকার পাঁচটি পূজামণ্ডপের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তাঁদের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি কাজ করছে। সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা আন্তরিক ও অঙ্গীকারবদ্ধ।
এ লক্ষ্যে সীমান্ত বা পূজামণ্ডপ এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি কিংবা তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিজিবি সূত্রে জানা গেছে, পূজা শুরুর পর থেকে মিনাপুর বিওপির আওতাধীন বিওপিগুলোর সদস্যরা নিয়মিতভাবে পূজামণ্ডপ পরিদর্শন করছেন। পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
