আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা যেন থামছেই না। প্রতি মৌসুমের আগে কিংবা শেষে চেন্নাই সুপার কিংসের এই কিংবদন্তি ক্রিকেটারকে ঘিরে একই প্রশ্ন ঘুরেফিরে আসে - আর কত দিন ক্রিকেট চালিয়ে যাবেন তিনি? এবার নিজের পরবর্তী আইপিএল খেলা নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলেই নিজের শারীরিক অবস্থার প্রসঙ্গ টানলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। নিজেকে তুলনা করলেন ‘পুরোনো ভিন্টেজ গাড়ি’র সঙ্গে।
আইপিএলের আরও একটি মৌসুমে অংশ নেবেন কি না, সে বিষয়ে ডিসেম্বরের আগেই সিদ্ধান্ত নিতে চান ধোনি। তবে তার আগে প্রয়োজন ফিটনেস যাচাই। ২০২৬ সালের আইপিএলে ফিটনেসজনিত সমস্যার কারণে মাঠে নামতে পারেননি এই কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার। সম্প্রতি বেঙ্গালুরুতে একটি স্বাস্থ্যসেবা অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ধোনির কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি আরও একটি আইপিএল মৌসুম খেলতে আগ্রহী কি না। জবাবে রসিকতার সুরে তিনি বলেন, ‘ডাক্তার সাহেব, আমাকে পরীক্ষাটা করাতে হবে। আপনাকে রিপোর্টটা দিতে হবে এবং তারপর ডিসেম্বরের আগে আমাকে দেখতে হবে যে, আরও একটি মৌসুম খেলার মতো আমি কতটা শক্তিশালী।’
ফিটনেসের বিষয়টি চিকিৎসকদের মূল্যায়নের ওপর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে ধোনি আরও বলেন, ‘আর যদি আমি তা না হই, তাহলে বুঝতেই পারছেন, আপনাদের নিশ্চিত করতে হবে যে আমার সঙ্গে সবকিছু ঠিকঠাকভাবে করা হচ্ছে এবং এই পুরোনো ভিন্টেজ গাড়ি যেন রাস্তায় ভালোভাবে চলে। সুতরাং সমস্ত চাপটা তাদের উপরেই।’
ধোনির এই মন্তব্যে স্পষ্ট, পরবর্তী মৌসুমে খেলার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের শারীরিক সক্ষমতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তিনি। তবে আইপিএলে তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনো অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের।
গত কয়েকটি আসরে চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে ধোনির ভূমিকা ছিল মূলত সীমিত ও পরিস্থিতিনির্ভর। ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে নেমে দ্রুত রান তোলার দায়িত্ব পালন করেছেন তিনি। তার চার-ছক্কার ঝলক যেমন দলের স্কোর বাড়াতে সাহায্য করেছে, তেমনি গ্যালারির দর্শকদের মধ্যেও তৈরি করেছে বাড়তি উন্মাদনা।
আইপিএলের ইতিহাসে রান সংগ্রাহকদের তালিকায়ও উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন ধোনি। ২৭৮ ম্যাচে ২৪২ ইনিংস খেলে ৩৮.৩০ গড়ে ৫৪৩৯ রান করেছেন তিনি। রয়েছে ২৪টি অর্ধশতক। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তার অবস্থান সপ্তম। শুধু ব্যাটার হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও আইপিএলে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন তিনি। তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস জিতেছে পাঁচটি আইপিএল শিরোপা এবং দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি।
তবে ধোনির নেতৃত্বের সেই সাফল্যের ধারাবাহিকতা সাম্প্রতিক সময়ে ধরে রাখতে পারেনি চেন্নাই। ২০২৪ সালে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পর থেকেই দলটির পারফরম্যান্সে ওঠানামা দেখা গেছে। গত দুই মৌসুমের একটিতে পয়েন্ট তালিকার তলানিতে এবং অন্যটিতে অষ্টম স্থানে থেকে আসর শেষ করেছে তারা। চেন্নাই সর্বশেষ আইপিএল শিরোপা জিতেছিল ২০২৩ সালে, ধোনির নেতৃত্বেই।
