কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অবৈধ স্বর্ণখনি ধসে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (১৯ অক্টোবর) দেশটির নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার গ্রামীণ চাম্বেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, খনিতে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শেষ হয়েছে। তবে দুর্ঘটনার পর আরও অন্তত ১৫ জন খনি শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন বিভাগের দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিলো।
তিনি বলেন, দুর্ঘটনা মোকাবিলায় পৌর কর্তৃপক্ষ কাজ করছে। তবে যোগাযোগব্যবস্থা কঠিন হওয়ায় উদ্ধার তৎপরতা পরিচালনায় সমস্যা হচ্ছে।
সান্তা বারবারা দে ইসকুয়ান্দে ঘন বনাঞ্চলে ঘেরা একটি এলাকা। সেখানে নৌকা অথবা ছোট উড়োজাহাজে করে পৌঁছানো যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার খনিটিকে ‘অবৈধ’ খনি হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো মানুষের জীবন রক্ষা করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকা এবং এই মর্মান্তিক ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা।’
কলম্বিয়ার গ্রামীণ এলাকাগুলোতে অনানুষ্ঠানিক ও নিয়ন্ত্রণহীন খনন কার্যক্রম বেশ প্রচলিত। এসব খনিতে প্রায়ই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকে না, ফলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। এর আগে গত আগস্টে নারিনো বিভাগের পলিকারপা পৌরসভায় একই ধরনের খনিদুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।
সূত্র : আল জাজিরা
