দৌসা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছবি:এক্স
Published on
:
1 min read
এক অন্তঃসত্ত্বা নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। সেই সময়েই সন্তানের জন্ম দেয় সে। এর পরেই মৃত্যু হয়েছে তার সদ্যজাত সন্তানের। নৃশংস এই ঘটনা রাজস্থানের দৌসা জেলার। এই নিয়ে অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজস্থানের পুলিশ সূত্রে খবর,১৬ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা কিশোরীকে গাড়িতে করে অপহরণ করে তিন ব্যক্তি। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের কাছে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে তাকে বলেও অভিযোগ। এই নৃশংস নির্যাতনের সময় কিশোরীটির প্রসব বেদনা শুরু হয়। সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। তাকে ফেলে রেখে পালায় অভিযুক্তরা। এর পরে নবজাতককে কাপড়ে জড়িয়ে কোনও মতে হাসপাতালে পৌঁছতে সক্ষম হয় সে। চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দৌসার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা। দৌসার কোলওয়া থানার এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন দৌসার পুলিশ সুপার কুন্দন কানোয়ারি
দৌসার পুলিশ সুপার জানিয়েছেন যে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে নাবালিকার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এই নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে একজন ডেপুটি পুলিশ সুপারকে। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
সূত্রের খবর, ওই নাবালিকাকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তার এক বন্ধু। সন্দেহজনক এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
