Published on
:
1 min read
স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত কড়ই কলোনি এলাকায় বুধবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অভিযোগ, স্বামীকে মারধর করছিলেন স্ত্রী। যুবকের চিৎকার শুনে তাঁরা ছুটে যান। ওই যুবককে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন তাঁরা। তাঁদের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই যুবককে পিটিয়ে খুন করা হয়। পুলিশ যুবকের স্ত্রীকে আটক করেছে।
পরিবার সূত্রে খবর, নিহত যুবকের নাম বিকাশ রায়। যুবকের স্ত্রী অভিযুক্ত শিউলি রায় ও প্রতিবেশী অনু দাস। দশমীর দিন, বুধবার সন্ধ্যায় একসঙ্গে খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন তাঁরা। কিন্তু গভীর রাতে চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের লোকজন। অভিযোগ, শিউলি তাঁর স্বামী বিকাশকে বেধড়ক মারধর করছিল। যার ফলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। পরিবারের সদস্যদের ঘটনাস্থলে ছুটে আসতে দেখেই পালিয়ে যান ওই টোটো চালক। অন্যদিকে, শিউলিকে আটকে রাখা হয়।
বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা বিকাশের সাড়া না পেয়ে তড়িঘড়ি তাঁকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। তার পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, মারধরের কারণেই মৃত্যু হয়েছে বিকাশের। অভিযুক্ত শিউলি রায় ও তাঁর প্রতিবেশী অনু দাসের কঠোর সাজার দাবি জানিয়েছেন তাঁরা। পুঅভিযুক্ত শিউলী রায়ের বয়ান রেকর্ড করেছে পুলিশ। এই পুরো ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন শিউলী। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই পুলিশ পরবর্তী তদন্তের কাজ শুরু করবে বলে জানানো হয়েছে।
