কুষ্টিয়ার মিরপুরে সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চার মাইল এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া ইসলাম (২৩) দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে অটোচালকসহ তিনজনের পরিচয় পাওয়া গেছে।
আহত অটোচালক মনিরুল ইসলাম জানান, তিনি কুষ্টিয়া শহর থেকে ৪ জন যাত্রী নিয়ে মেহেরপুরের গাংনী যাচ্ছিলেন। পথে চার মাইল এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনিসহ ৪ যাত্রী আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক জাকারিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহত অটোচালক মনিরুল ইসলাম, যাত্রী রেবেকা খাতুন (৪২) ও তার পুত্রবধু তামান্না (২০) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাড়ি মেহেরপুরের গাংনী এলাকায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া গ্রহণের বিষয়টি চলমান রয়েছে।
