চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১-এ আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে শতভাগ চীনা মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান মেসার্স এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানি। মঙ্গলবার এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কারখানাটির উৎপাদনে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়, যা এই অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও শিল্পায়নের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
বেপজার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানাটিতে বর্তমানে ১৪০ জন স্থানীয় কর্মী নিয়োজিত রয়েছেন। প্রতিষ্ঠানটি পুরোদমে উৎপাদনে গেলে দুই সহস্রাধিক বাংলাদেশির কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে।
প্রতিষ্ঠানটির প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ধরা হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, যার মধ্যে ইতোমধ্যে ১ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার বিনিয়োগ সম্পন্ন হয়েছে। অর্থনৈতিক অঞ্চলের ছয়টি প্লটজুড়ে গড়ে ওঠা এই কারখানায় বিভিন্ন ধরনের আধুনিক জিপার, জিপারের অনুষঙ্গ, প্লাস্টিকের বোতামসহ সংশ্লিষ্ট সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে। কারখানাটির যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসবিএস জিপার গ্রুপের চেয়ারম্যান, বিদেশি ক্রেতাপ্রতিনিধি, প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও আমন্ত্রিত ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১-এর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব নতুন এই প্রতিষ্ঠানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১-এর সার্বিক চিত্রের বিবরণে জানা যায়, সেখানকার মোট ২৭৯টি শিল্পপ্লটের মধ্যে ২৬৩টি প্লট এবং একটি ছয়তলা কারখানা ভবন ৪৭টি প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। এসবিএস জিপারসহ বর্তমানে ১৪টি প্রতিষ্ঠান সেখানে পূর্ণ বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। এ ছাড়া ১৭টি প্রতিষ্ঠানের নির্মাণকাজ পুরোদমে চলমান এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান খুব শিগগিরই তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসবিএস জিপারের এই বাণিজ্যিক কার্যক্রম দেশের রপ্তানিমুখী শিল্প খাতের বিকাশ, নতুন বিদেশি পুঁজি আকর্ষণ এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে।
