রাষ্ট্রপতির স্বর্ণপদক পেলেন কলাপাড়ার স্বেচ্ছাসেবক রোকসানা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:২৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছেন পটুয়াখালীর কলাপাড়ার রোকসানা আক্তার রুজি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পদক গ্রহণ করেন।
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদান ও মানবিক সেবায় নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
নিজের অনুভূতি জানিয়ে রোকসানা আক্তার রুজি বলেন, এ সম্মাননা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় অর্জন। দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক কাজ এবং দুর্যোগে মানুষের পাশে থাকার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তিনি পদকটিকে দেখছেন।
এ সময় প্রয়াত বাবা রফিকুল ইসলাম মৃধাকে স্মরণ করেন তিনি। বাবার কাছ থেকে পাওয়া অনুপ্রেরণার কথা উল্লেখ করে পদকটি তাঁর স্মৃতির প্রতি উৎসর্গ করেন রোকসানা।
এ ছাড়া কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, সিপিপির সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
রোকসানা বলেন, স্বেচ্ছাসেবা শুধু পদক বা সম্মাননার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখাই এর মূল লক্ষ্য। এ স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের পাশে থাকতে তাঁকে অনুপ্রাণিত করবে।
তাঁর এ অর্জনে কলাপাড়ার স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, এ স্বীকৃতি দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবামূলক কাজে অন্যদেরও উৎসাহিত করবে।
