রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি উঠতে শুরু করলেও চড়া দামে তা কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বাজারে শিম, ফুলকপি ও মুলার মতো শীতের সবজি পাওয়া যাচ্ছে, তবে দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। এতে বাজার করতে বাড়তি খরচের চাপে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। সব মিলিয়ে হতাশা বাড়ছে ক্রেতাদের মধ্যে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত, রামপুরা, মালিবাগ ও কারওয়ানবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজি কেজিপ্রতি ৫০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে টমেটোর দাম ১৬০ টাকা ছাড়িয়েছে, কোথাও কোথাও তা ২০০ টাকাও পেরিয়েছে। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে কাঁচা পেঁপে ও কয়েক ধরনের সবজি। অন্যদিকে, ডিমের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা থাকলেও মুরগি, মাছ ও মাংসের দাম এখনো চড়া। ফলে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না সাধারণ ক্রেতাদের।
বাজারে প্রতি কেজি শিম ১২০ থেকে ১৪০ টাকা, করলা ও কাকরোল ৮০ টাকা, ঢেঁড়স ৮০ থেকে ৯০ টাকা এবং ঝিঙা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। চিচিঙ্গা ও ধুন্দল কেজিপ্রতি ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ৭০ টাকা এবং মুলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া দেশি শসা কেজিপ্রতি ১০০ টাকা, হাইব্রিড শসা ৬০ থেকে ৮০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা এবং কাঁচামরিচ ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা বেগুনের কেজি ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা এবং কালো গোল বেগুন ১৪০ টাকা। আকার ও মানভেদে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা বা তারও বেশি দামে।
অন্যদিকে, মাঝারি আকারের প্রতিটি লাউ ৬০ থেকে ৭০ টাকা, চালকুমড়া ৬০ টাকা এবং ফুলকপি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপির দামও কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। তুলনামূলক কম দামে প্রতি কেজি কাঁচা পেঁপে ৩০ টাকা ও মিষ্টি কুমড়া ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
বাজারে ডিমের দাম কিছুটা কমেছে। বর্তমানে প্রতি ডজন লাল ডিম ১৪০ থেকে ১৪৫ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু বাজারে লাল ডিমের ডজন ১৫০ টাকা ও সাদা ডিম ১৪০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে। হাঁসের ডিমের ডজন ১৮০ থেকে ১৮৫ টাকা।
এদিকে, ব্রয়লার মুরগির দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা এবং কক বা পাকিস্তানি জাতের মুরগি ৩১০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগির কেজি ৩৮০ টাকা। আর দেশি মুরগির প্রতি কেজির দাম ৭০০ টাকা।
খিলক্ষেতের ডিম বিক্রেতা রহিম বলেন, কয়েক দিনের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম প্রায় ১০ টাকা কমেছে। আশা করছি, সামনে আরও দাম কমবে। সব মিলিয়ে বাজারে শিগগিরই কিছুটা স্বস্তি ফিরতে পারে।
সবজির পাশাপাশি মাছের বাজারেও দাম চড়া। আকার ও ওজনভেদে প্রতি কেজি রুই মাছ ৩৫০ থেকে ৬০০ টাকা এবং কাতল মাছ ৩০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ির কেজি ৮০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, কাঁচকি ৪০০ থেকে ৫০০ টাকা, কৈ ২২০ থেকে ২৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা এবং টেংরা ৬০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি তেলাপিয়া ২৩০ টাকা ও পাঙাস ২২০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামের এসব মাছ কিনতেও ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।
মাছ বিক্রেতা ফিরোজ বলেন, পাইকারি বাজারে সরবরাহ এখন আগের চেয়ে কিছুটা ভালো। শীতকালীন সবজি আসতে শুরু করায় দাম কমতে পারে। তবে পরিবহণ খরচ ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেক সময় খুচরা বাজারে দাম কিছুটা বেশি রাখতে হয়।
মাছ ও মুরগির পাশাপাশি গরু ও খাসির মাংসের দামও সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে। বাজারে প্রতি কেজি গরুর মাংস সর্বোচ্চ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, খাসির মাংসের কেজি ১ হাজার ২৫০ টাকা।
নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। বাজার করতে আসা জগন্নাথ বলেন, আয়ের সঙ্গে ব্যয়ের কোনো মিল নেই। প্লেটে আমিষ রাখা এখন বিলাসিতা। দুই-একটি সবজির দাম কমলেও সামগ্রিক বাজারে স্বস্তি নেই।
সব মিলিয়ে শীতকালীন সবজির সরবরাহ শুরু হলেও উচ্চমূল্যের কারণে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। তাঁদের প্রত্যাশা, শীতের সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমবে এবং বাজারে স্বস্তি ফিরবে।
এমএমটি
-20261016073723.jpg&w=1440&q=75)