বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী ডিয়ান ডাও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাঁরা উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজামণ্ডপের নান্দনিক সাজসজ্জা, চারপাশের সবুজ প্রকৃতি এবং হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখে মুগ্ধতা প্রকাশ করেন তাঁরা।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, তাঁর স্ত্রী আর্কিটেক্ট ইয়াছমিন ইসমাইল, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ বিন শফিক, নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সালাহউদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিদল।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা ও সাজসজ্জা ঘুরে দেখেন। তাঁরা প্রতিমার পাশে দাঁড়িয়ে ছবি তোলেন এবং সেখানে কিছু সময় অবস্থান করে হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। পূজামণ্ডপের নান্দনিক পরিবেশ এবং চারপাশের সবুজ প্রকৃতি তাঁদের বিশেষভাবে আকৃষ্ট করে।
স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটানোর পাশাপাশি পূজামণ্ডপ এলাকার শান্তিপূর্ণ পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং হিন্দু-মুসলিম সম্প্রদায়ের পারস্পরিক সুসম্পর্কের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া এলাকায় পৌঁছালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান, ছাত্রদল নেতা রাকিব ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
সফর শেষে বিদায়বেলায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী ডিয়ান ডাওকে জামদানি শাড়ি ও পাঞ্জাবি উপহার দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং তাঁর স্ত্রী আর্কিটেক্ট ইয়াছমিন ইসমাইল।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।
