বান্দরবানের থানচি উপজেলায় সরকারি সফরে এসেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আলী নেওয়াজ খৈয়াম। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে থানচিতে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফযসাল তাঁকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করে নেন।
সরকারি সফরকালে প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা থানচি উপজেলার গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলো পরিদর্শন করবেন।
আগামী ২৪ অক্টোবর বিকেলে প্রতিমন্ত্রীর বান্দরবানে ফিরে যাওয়ার কথা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ বান্দরবানের থানচি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা। এখানকার পাহাড়, নদী, ঝরনা ও বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকৃষ্ট করে। সরকারি এ সফরে প্রতিমন্ত্রীর পর্যটনকেন্দ্র পরিদর্শন ঘিরে স্থানীয় পর্যায়ে আগ্রহ তৈরি হয়েছে।
প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে সন্ধ্যায় পর্যটন খাতের উন্নয়ন, সম্ভাবনাময় পর্যটন এলাকাগুলোর অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা সভা আয়োজনের কথা রয়েছে।
এমএ
