খুলনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তাঁরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলে শাহ আলমের শারীরিক অবস্থার খোঁজ নেন।
গত ৯ অক্টোবর খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন ৪৩ বছর বয়সী পুলিশ পরিদর্শক শাহ আলম।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা মহানগরীতে বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে ফিরছিলেন তিনি। পথে কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিনজন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় তারা তাঁর সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কব্জির ওপর এলোপাতাড়ি কোপ দেয়। পরে তাঁকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
স্থানীয়দের সহায়তায় শাহ আলমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
