চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে কেডিসি পাড়া উচ্ছেদ এবং মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে জনসভা থেকে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রহনপুরের কেডিসি পাড়া উচ্ছেদ এবং মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রহনপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মাদক, অনৈতিক কর্মকাণ্ড ও ছিনতাই প্রতিরোধ কমিটির আহ্বায়ক শামীম রেজার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
সভায় বক্তারা বলেন, রহনপুরে শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক, ছিনতাই এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা জরুরি। কেডিসি পাড়াকে কেন্দ্র করে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হলে তার প্রভাব পড়ে পুরো জনপদের সামাজিক জীবন ও ব্যবসা-বাণিজ্যে। এ সমস্যা সমাধানে সাময়িক পদক্ষেপের পাশাপাশি ধারাবাহিক নজরদারি, আইনের যথাযথ প্রয়োগ এবং অপরাধের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ প্রয়োজন। রহনপুরকে মাদক ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
জনসভায় বক্তব্য দেন বিএনপি নেতা ও সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহম্মদ, সাবেক পৌর মেয়র তারেক আহম্মদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক কাউন্সিলর আশরাফুল হক, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতের আমির মাইনুল ইসলাম, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্বাস আলী।
এ ছাড়া আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বাচ্চু, আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সভা থেকে কেডিসি পাড়া উচ্ছেদ, অপরাধীদের গ্রেফতার এবং মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
