কালবেলা · আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি
১৯/১০/২০২৬

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় সম্ভাব্য হামলার ঝুঁকি এবং সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর ইউরো নিউজের।
সোমবার (১৯ অক্টোবর) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো একই ধরনের নিরাপত্তা সতর্কবার্তা জারি করে। এতে ইসরায়েল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরানে থাকা মার্কিন নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়লে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে পারে বলেও সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ। নাগরিকদের আগাম বিকল্প পরিকল্পনা তৈরি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বার্তায় আরও বলা হয়, ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা কিংবা মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে।
সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল হিসেবে বর্ণনা করেছে। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে হামলাসহ বিভিন্ন শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িয়েছে। এসব হামলার মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলাও রয়েছে, যার ফলে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং যাতায়াতে গুরুতর বিঘ্ন ঘটেছে।
এদিকে, কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস রোববার দেশটিতে থাকা নাগরিকদের সরকারি সতর্কবার্তা ও স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিক্ষোভ ও বড় জমায়েত এড়িয়ে চলা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে কাতার এয়ারওয়েজ সোমবার জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী এবং সেখান থেকে ছেড়ে আসা ফ্লাইটগুলো ২৪ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হবে। এ ছাড়া জেদ্দাগামী ফ্লাইটের সংখ্যা প্রতিদিন সাতটি থেকে কমিয়ে চারটিতে আনা হবে।
সূত্র : ইউরো নিউজ
মূল প্রতিবেদনে যান ↗