পিরোজপুরের জিয়ানগরে টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন ও তার ছেলের বিরুদ্ধে এক প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। এতে উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল আহসান ইব্রাহিম (৫৫) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষকের স্বজনেরা জানান, প্রায় এক বছর আগে জমি বিক্রির পর মনির হোসেন তার কাছ থেকে দেড় লাখ টাকা ধার নেন। বৃহস্পতিবার টাকা ফেরত দেওয়ার কথা বলে মনির তাকে বাড়ির সামনে ডেকে নেন। সেখানে গেলে মনির ও তার ছেলে লোহার লাইট দিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহত শিক্ষককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, মনির হোসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পিরোজপুর পৌর মেয়র আবদুল মালেক হাওলাদারের পালকপুত্র ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিভিন্ন সময় বিএনপি ও জামায়াতের পরিচয় ব্যবহার করে চলাফেরা করেন বলেও অভিযোগ করেন তারা।
অভিযোগ অস্বীকার করে মনির হোসেন বলেন, তিনি কোনো টাকা পান না। প্রথমে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে তাদের মধ্যে হাতাহাতি হয়।
জিয়ানগর থানার ওসি মহব্বাত খান বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
