চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়াল গাছি গ্রামে জনৈক মুক্তার বিশ্বাসের বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় টুটুল (২৬) ও মোছা. ছবি বেগমকে (৪২) আটক করা হয়। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বেনীচক চৌডালা গ্রামে।
অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৮১ হাজার টাকা। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post শিবগঞ্জে ইস্কাফ সিরাপসহ আটক ২, জব্দ ভ্যান ও মোবাইল appeared first on ভোরের চেতনা.
