সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠে এখন সবুজের বুক চিরে উঁকি দিচ্ছে সোনালি শীষের আভা। চলতি রোপা আমন মৌসুমে কৃষকদের শ্রমে বোনা স্বল্প মেয়াদি বা আগাম জাতের আমন ধান পাকতে শুরু করেছে। বাতাসে দোল খাওয়া সোনালি ধানের শীষে কৃষকের রঙিন স্বপ্ন দোল খাচ্ছে। আর কিছুদিন পরই পুরোদমে শুরু হবে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব, তাই কৃষক পরিবারগুলোতে এখন বিরাজ করছে খুশির আমেজ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং বড় ধরনের কোনো বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা মূলত ব্রি ধান-৭১, ব্রি ধান-৭৫, ব্রি ধান-৫৬, বিনা ধান-৭ ও বিনা ধান-১৭ সহ বিভিন্ন স্বল্প মেয়াদি আধুনিক জাতের ধানের আবাদ করেছেন। সাধারণ জাতের আমন ধানের চেয়ে এসব জাত প্রায় ২০ থেকে ২৫ দিন আগেই পেকে যায়।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আগাম জাতের এই ধান চাষে তাদের বহুমুখী লাভ হচ্ছে। প্রথমত, আশ্বিন-কার্তিক মাসের অভাবের সময়ে নতুন ধান ঘরে তোলায় কৃষক পরিবারে খাদ্যের কোনো সংকট থাকে না। দ্বিতীয়ত, ধান কাটার পরপরই জমি পতিত না রেখে সেখানে আগাম শীতকালীন ফসল যেমন সরিষা, আলু বা শীতকালীন সবজির চাষ করা যায়। এতে একই জমি থেকে বছরে একাধিক ফসল উৎপাদন করে আর্থিকভাবে বেশি লাভবান হওয়া যাচ্ছে।
উপজেলার রুস্তমপুর, লেঙ্গুড়া, তোয়াকুল ও নন্দীরগাঁও ইউনিয়নের বেশ কয়েকটি মাঠ ঘুরে দেখা যায়, ধান গাছগুলোতে সোনালি রং ধরতে শুরু করেছে। অনেক কৃষক জমির আইল পরিষ্কার ও ধান কাটার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছেন। নন্দিরগাঁও ইউনিয়নের কৃষক রুহুল আমিন জানান, “গত বছরও আগাম ধানের ভালো ফলন পেয়েছিলাম। এবারও ধানের শীষ খুব পুষ্ট হয়েছে। ধান কাটা শুরু করেছি। এই ধান দ্রুত ঘরে তুলে আমরা ওই জমিতেই সরিষা বুনার প্রস্তুতি নিচ্ছি।
গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয়, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ায় গোয়াইনঘাটে স্বল্প মেয়াদি ধানের আবাদ প্রতি বছরই বাড়ছে। এতে একদিকে যেমন শস্য নিবিড়তা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ঘূর্ণিঝড় বা অকাল বন্যার আগেই ফসল ঘরে তোলা সম্ভব হচ্ছে। চলতি মৌসুমে রোগবালাইয়ের আক্রমণ কম থাকায় এবং সঠিক সময়ে সার ও সেচ ব্যবস্থাপনার কারণে ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ।
The post গোয়াইনঘাটে সবুজের বুক চিরে উঁকি দিচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন appeared first on Dhaka Protidin.
