লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাশেরহাট ঈদগাহ ময়দানে ১১তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। দুই দিনব্যাপী এ মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান আলোচক অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজীর বক্তব্য শুনতে বিপুলসংখ্যক মানুষ সমবেত হন। আয়োজকদের দাবি, এদিন প্রায় ১০ হাজার মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
২০ ও ২১ অক্টোবর, মঙ্গলবার ও বুধবার, ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে খাশেরহাট ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে ধর্মীয় আলোচনা ও ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা।
দ্বিতীয় দিনের প্রধান আলোচক ছিলেন কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী। এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা আলহাজ হযরত মাওলানা ছাইয়েদ মো. আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল মাদানী, নাটোরের ক্বারি ও মুফাসসির মাওলানা মো. আব্দুল মজিদ নাটোরী এবং বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের লক্ষ্মীপুর জেলা সভাপতি হযরত মাওলানা ছাইয়েদ মো. মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবিরীসহ বিশিষ্ট আলেমরা।
মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারি হাফেজ আবুল বাশার। এ ছাড়া রায়পুর কালচারাল একাডেমি ও রেনেসাঁ শিল্পীগোষ্ঠীর হামদ-নাত পরিবেশনা উপস্থিত মুসল্লিদের মুগ্ধ করে।
মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারি মাওলানা গাজী মুনজির হাসান এমরান। এতে পরিষদের সভাপতি মাওলানা মো. মফিজুর রহমান এবং আমন্ত্রিত অতিথি হিসেবে ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ কবিরাজ উপস্থিত ছিলেন।
বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি জীবন, ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নেই। ধর্মীয় মূল্যবোধ চর্চা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
The post রায়পুর খাশেরহাটে অনুষ্ঠিত হয়েছে ২ দিন ব্যাপী সীরাতুন্নবী মাহফিল appeared first on ভোরের চেতনা.
