Published on
:
2 min read
উত্তরের জনপ্রিয় বারোয়ারি-বনেদি পুজো থেকে দক্ষিণের থিমের চমক, প্যান্ডেল হপিংয়ের রুট ম্যাপেও লাইফলাইন কলকাতা মেট্রো। তাই সেরার সেরা প্যান্ডেলের ভিড়ের সঙ্গে পাল্লা দেয় মেট্রো স্টেশনগুলিও। এমন ভিড়ে কাউন্টারের সুদীর্ঘ লাইনকে ডজ় করে সহজে টিকিট পেতে বিশেষ ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ। এমনকী এর জন্য কলকাতা মেট্রোর অ্যাপ নামানোরও প্রয়োজন নেই।
দুর্গাপুজোর মরশুমে কলকাতা মেট্রোয় যাত্রীদের ভিড় সামলাতে এবং টিকিট কাটার প্রক্রিয়া আরও সহজ করতে অভিনব উদ্যোগ কলকাতা মেট্রোর। টিকিট কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝক্কি কমাতে স্টেশনে দেওয়ালে QR কোড-যুক্ত পোস্টারের মাধ্যমে টিকিট কেনার সুবিধা চালু হয়েছে মেট্রোয়। এর ফলে যাত্রীরা কলকাতা মেট্রোর অ্যাপ না থাকলেও নিজেদের স্মার্টফোন ব্যবহার করে সহজেই QR টিকিট কিনতে পারবেন। শুধু তাই নয়, মিলবে ডিসকাউন্টও।
পুজোর সময়ে কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশনে যাত্রীসংখ্যা অনেকটাই বেড়ে যায়। এই পরিস্থিতিতে টিকিট সংগ্রহের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় অনেক যাত্রীকে। সেই সমস্যা কমাতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। তবে ব্লু লাইন-সহ ভিড়ের প্রবণতা বেশি এমন স্টেশনের দেওয়ালেই এই QR কোডওয়ালা পোস্টার সাঁটানো হয়েছে। স্ক্যান করে নির্দিষ্ট লিঙ্কে প্রবেশের পর পেমেন্ট করলেই অনলাইনে বুক হয়ে যাবে টিকিট। প্রত্যেক স্টেশনের জন্য আলাদা QR কোড।
মেট্রোর এই পরিষেবা ব্যবহার করতে যাত্রীদের কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে।
প্রথমে, স্টেশনের দেওয়ালে লাগানো QR কোডটি স্মার্টফোন দিয়ে স্ক্যান করতে হবে। এরপর QR কোডের পাশে দেওয়া লিঙ্কে ক্লিক করে সংশ্লিষ্ট ওয়েবপেজে প্রবেশ করতে হবে। সেখানে ‘Buy QR Ticket’ অপশনটি বেছে নিতে হবে।
এর পরে যাত্রার গন্তব্য, মোবাইল নম্বর এবং যাত্রী সংখ্যা-সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সমস্ত তথ্য পূরণ করার পরে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে টাকা জমা দিতে হবে।
পেমেন্ট সম্পূর্ণ হলে যাত্রার জন্য একটি QR টিকিট তৈরি হবে। যাত্রীরা চাইলে ‘Download Ticket PDF’ অপশনে ক্লিক করে টিকিটের PDF ফাইলটিও ডাউনলোড করে রাখতে পারবেন।
যাত্রীদের সুবিধা বাড়াতেই উদ্যোগ
মেট্রো সূত্রে খবর, যে সব বিভিন্ন স্টেশনে পুজোর মরশুমে ভিড় জমার প্রবণতা বেশি। সেখানে ইতিমধ্যেই দেওয়ালে এই বিশেষ QR সাঁটানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম মেট্রোর ১০টি গুরুত্বপূর্ণ স্টেশনে এই পরিষেবা চালু করা হয়েছে । যে স্টেশনগুলোতে এই ব্যবস্থা আপাতত চালু করা হয়েছে সেগুলি হলো, শিয়ালদহ, দমদম, দক্ষিণেশ্বর, এসপ্ল্যানেড, দমদম ক্যান্টনমেন্ট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ, কালীঘাট, শোভাবাজার-সুতানুটি, পার্কস্ট্রিট, সল্টলেক সেক্টর ফাইভ ও হাওড়া।
বিভিন্ন স্টেশনের আলাদা QRfacebook.com
এই ব্যবস্থার ফলে টিকিট কাউন্টারে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে টিকিট কাটার দরকার পড়বে না। বিশেষ করে দুর্গাপুজোর মতো ব্যস্ত সময়ে দ্রুত টিকিট সংগ্রহ করতে এই ডিজিটাল পদ্ধতি যাত্রীদের ঝক্কি অনেকটাই কমাবে ও সময় বাঁচাবে বলে মনে করা হচ্ছে। তবে এই পদ্ধতিতে টিকিট কাটলে যে স্টেশনে যাওয়ার জন্য টিকিট কাটা হবে সেখানে না নেমে অন্য জায়গায় নামলে সমস্যা হতে পারে। তাই পরিষেবাটি ব্যবহার করার আগে যাত্রীদের সংশ্লিষ্ট স্টেশনে QR কোড ও টিকিট সংক্রান্ত নির্দেশিকা দেখে নেওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
