ঈশ্বরগঞ্জে গভীর রাতে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা-যুবক গ্রেফতার
-
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় ০১:৪০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টার অভিযোগে কাউসার আহম্মেদ(২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ব্যাংকের নিরাপত্তাকর্মীর হাত-পা ও মুখ বেঁধে রেখে ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বুধবার (২১ অক্টোবর ২০২৬) দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের বাংলাদেশ কৃষি ব্যাংক সোহাগী বাজার শাখায় এমন ঘটনাটি ঘটে। গ্রেফতার কাউসার আহম্মেদ সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্যাংকটির সোহাগী বাজার শাখার কর্মকর্তা নাজমুল হক(৩২) বাদী হয়ে কাউসার আহম্মেদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ সূত্রে জানা যায়, কাউসারকে গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সো ব্লেড জব্দ করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম(২২) বলেন, বুধবার দিবাগত রাতে ব্যাংকের সব গেট বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় মূল ফটক ভেঙে কাউসার ভেতরে ঢুকে তাঁকে ঘুম থেকে ডেকে তোলেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গলায় চাকু ধরে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে গামছা দিয়ে মুখও বেঁধে তাঁকে আটকে রাখা হয়। মাজহারুল ইসলাম আরও বলেন, এরপর ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করলে আমি বাঁধন খুলে দৌড়ে গিয়ে চিৎকার করি। এসময় বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এসে কাউসারকে আটক করে পুলিশে দেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি। সোহাগী বাজার কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক ইকবাল হাসান বলেন, ঘটনার সময় নিরাপত্তাকর্মী মাজহারুলের হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ডাকাতির চেষ্টা করা হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানে এমন ঘটনা খুবই উদ্বেগজনক। গ্রেফতার ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমন বলেন, এঘটনায় কাউসারকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে দস্যুতা আইনে মামলা রুজু করে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
