সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ঘাটাইলের যুবক
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন (৩৭) নামে টাঙ্গাইলের ঘাটাইলের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে দেশটির আছির প্রদেশের রাজধানী আবহ শহরে এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ার ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে। জীবিকার তাগিদে দুই বছর আগে তিনি সৌদি আরবে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আবহ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৌদি আরবে থাকা আনোয়ারের স্বজন ও সহকর্মীরা তাঁর মৃত্যুর খবর পরিবারকে জানান। খবর বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।
নিহতের বড় ভাই মো. সানোয়ার হোসেন জানান, আত্মীয়ের মাধ্যমে তাঁরা আনোয়ারের মৃত্যুর খবর পেয়েছেন। তিন ভাই ও এক বোনের মধ্যে আনোয়ার ছিলেন দ্বিতীয়। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে ঋণের চাপে তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় বিদেশে গেলেও সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা।
বর্তমানে আনোয়ারের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।
