আগামীকাল সোমবার ঘোষণা করা হবে বছরের সেরা ফুটবলারের সম্মানসূচক পুরস্কার ব্যালন ডি’অর। তবে জমকালো সেই অনুষ্ঠানের আগে বাজির দর (অডস)-এ এসেছে নাটকীয় পরিবর্তন, যা ফেভারিট তালিকায় থাকা তারকাদের জন্য এনেছে বড় দুঃসংবাদ।
মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফি জয়ের লড়াই এখন মূল তিন তারকার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে- লামিনে ইয়ামাল, হ্যারি কেইন এবং কিলিয়ান এমবাপ্পে। গেল মৌসুমে বার্সেলোনাকে দাপটের সঙ্গে লা লিগা শিরোপা জেতানোর পথে ১৬টি গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেন ইয়ামাল। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড স্প্যানিশ সুপার কাপ জয়ের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে স্পেনকে বিশ্বমঞ্চের সেরা ট্রফি জেতাতেও বড় ভূমিকা রাখেন। অতীতের বিচারে যা ভোটের মাঠে সব সময়ই আলাদা গুরুত্ব পেয়ে এসেছে।
তা সত্ত্বেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে সুবিধাজনক স্থানে রয়েছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার সদ্য সমাপ্ত দুর্দান্ত মৌসুমে ৬৫টি অফিসিয়াল ম্যাচে গোল করেছেন রেকর্ড ৭৩টি। শনিবার বুকারদের দেওয়া গড় রেটিং বা বাজির দরে কেইনের পক্ষে সম্ভাব্য রেট ধরা হয়েছে ১.৩৫, যা তাকে জয়ের স্পষ্ট একক দাবিদার বানিয়ে দিয়েছে।
অন্যদিকে, ইয়ামালের জন্য পরিস্থিতি কয়েক ঘণ্টার ব্যবধানে বেশ জটিল রূপ নিয়েছে। প্রায় সব শীর্ষস্থানীয় বেটিং প্রতিষ্ঠান বার্সেলোনা তারকার জয়ের সম্ভাবনা কমিয়ে দিয়ে বাজির দর ৩.২৫ থেকে বাড়িয়ে ৬.০০ নির্ধারণ করেছে।
ইয়ামালের পেছনে পড়ার কারণ হিসেবে সম্প্রতি স্প্যানিশ দৈনিক ‘মার্কা’র বর্ষসেরা ১০০ তারকার পুরস্কারের ভোটকে দায়ী করা হচ্ছে। সাবেক ফুটবলার, কোচ এবং বিশ্বজুড়ে সাংবাদিকদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক বিচারক প্যানেলের ভোটে এই সম্মাননা দেওয়া হয়। ১০০ জন মনোনীত তারকা থেকে মোট ২২৬ জন ভোটার শীর্ষ ১৫ জন ফুটবলারকে বেছে নেন। যেখানে প্রথম পছন্দের খেলোয়াড় পান ৩০ পয়েন্ট, দ্বিতীয় ২৫ এবং তৃতীয় পছন্দ পান ২৩ পয়েন্ট।
ভোটাভুটিতে মোট ৩ হাজার ৯৬২ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে জায়গা করে নেন কেইন। তার চেয়ে মাত্র ২৫ পয়েন্ট পিছিয়ে তিন হাজার ৯৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হন ইয়ামাল। তিন হাজার ৪৪০ পয়েন্ট নিয়ে পোডিয়ামের তৃতীয় স্থানটি দখলে নেন কিলিয়ান এমবাপ্পে। তালিকার পরবর্তী স্থানগুলোতে ক্রমান্বয়ে রয়েছেন রদ্রি, খভিচা কভারাতসখেলিয়া, লিওনেল মেসি, ফাবিয়ান রুইস, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে এবং পাউ কুবারসি।
সব নাটকীয়তা এড়িয়ে সোমবার শেষ পর্যন্ত যদি ইয়ামালের হাতেই ব্যালন ডি’অর ওঠে, তবে ১৯ বছর বয়সী এই রাইট-উইঙ্গার গড়বেন ইতিহাস- হবেন সর্বকনিষ্ঠ ব্যালন ডি’অর বিজয়ী। বর্তমানে এই রেকর্ডের মালিক সাবেক বার্সেলোনা স্ট্রাইকার রোনালদো নাজারিও, যিনি ১৯৯৭ সালে ২১ বছর বয়সে মর্যাদাপূর্ণ এই সম্মাননা অর্জন করেছিলেন।
