গ্রামের পাশে ছিল সুন্দর একটা স্কুল। সেখানে পড়ত চার বন্ধু, বাদল, মৃদুল, মনির আর নিহাল। তারা একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে খেলত। ছুটির দিনে গ্রামের মাঠ, বাগান আর নদীর পাড় ধরে ঘুরে বেড়াত। কখনো নদীতে নৌকায় করে মাছ ধরত, আবার কখনো বনে ঘুরে নতুন কিছু খুঁজত।
একদিন বিকেলে চার বন্ধু বাগানের পথ ধরে হাঁটছিল। হঠাৎ তারা একটি আমগাছের ডালে বড় একটা মৌচাক দেখতে পেল। বাদল খুশি হয়ে বলল, ‘দেখো, কত বড় মৌচাক! আমরা যদি মধু সংগ্রহ করে খেতে পারি!’
মৃদুল একটু ভয়ে বলল, ‘সন্ধ্যা নামছে। আজ না গিয়ে কাল আবার আসি।’
সে রাতে মনির তার বাবাকে পুরো ঘটনা বলল। মনিরের বাবা চিন্তিত হয়ে বললেন, ‘মধু সংগ্রহ করা কি এত সহজ কাজ? এটা মৌয়ালদের কাজ। তোমরা কখনো মৌচাকের ধারে-কাছেও যাবে না। এটা বিপজ্জনক।’
মনির কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, ‘মৌয়াল কারা?’
বাবা বুঝিয়ে বললেন, ‘মৌয়ালরা বন-জঙ্গল ঘুরে ঝুঁকি নিয়ে মৌচাক থেকে মধু সংগ্রহ করেন। তাঁরা নিজেদের গামছা বা জালের কাপড় দিয়ে ঢেকে নেন, আগুনের ধোঁয়া ব্যবহার করে মৌমাছিদের সরিয়ে দেন, তারপর মধু সংগ্রহ করেন।’
তিনি আরও বললেন, ‘মৌমাছির কামড় খুব ব্যথাদায়ক। কারও কারও শরীর ফুলে যেতে পারে। এমনকি কারও তীব্র অ্যালার্জি থাকলে বিপজ্জনক পরিস্থিতিও তৈরি হতে পারে।’
পরদিন সকালে চার বন্ধু আবার সেই আমবাগানে গেল। বাদল জেদ করে বলল, ‘তোমরা ভয় পেলে যাবে না। আমি একাই কাজটা করব।’
মনির বাবার কথা মনে করে বাধা দিল, ‘না বাদল, এটা বিপজ্জনক। আমরা পারব না। বড়রা বলেন, এটা মৌয়ালদের কাজ।’
কিন্তু বাদল কারও কথা শুনল না। সে গাছে উঠল। মৌচাকটি অনেক ওপরে থাকায় সে নিচে নেমে ইট কুড়িয়ে এনে ঢিল ছুড়তে লাগল। একসময় একটি ঢিল গিয়ে সরাসরি মৌচাকে লাগল। সঙ্গে সঙ্গে অসংখ্য মৌমাছি চারপাশে ছড়িয়ে পড়ল। তারা আক্রমণ করল চার বন্ধুকে।
মৃদুল, মনির আর নিহাল কয়েকটি কামড় খেয়েই দৌড়ে পালাল। কিন্তু বাদল গাছে থাকায় অনেক মৌমাছি তার মুখে ও চোখের আশপাশে কামড় দিল। তার মুখ ফুলে গেল। সে চিৎকার করতে লাগল।
একজন বয়স্ক গ্রামবাসী ঘটনাটি দেখে দৌড়ে এলেন। তিনি বাদলকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেন। খবর পেয়ে তার বাবা-মাও ছুটে এলেন। চিকিৎসক বললেন, ‘ভালো হয়েছে, সময়মতো হাসপাতালে আনা হয়েছে। না হলে বড় বিপদ হতে পারত।’
দুদিন পর বাদল সুস্থ হয়ে বাড়ি ফিরল। সে চোখের জল ফেলে বলল, ‘আমরা ভুল করেছি। বড়দের কথা না শুনে আজ এত বড় বিপদে পড়েছিলাম। আর কখনো এমন করব না।’
বন্ধুরাও মাথা নেড়ে বলল, ‘হ্যাঁ, আমরা সবাই শিখে গেলাম, বড়দের কথা শোনা উচিত।’
শিক্ষা: লোভ ও জেদ বিপদ ডেকে আনে। বড়দের পরামর্শ মেনে চলা এবং বিপজ্জনক কাজ থেকে দূরে থাকা উচিত।
The post মধুর লোভে বিপদ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
