নিজস্ব প্রতিবেদক:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর জোন-৭-এর আওতাধীন এলাকায় অবস্থিত তিনটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার (৩০ জুন) সরেজমিন পরিদর্শন পরিচালনা করা হয়েছে। পরিদর্শনে হাসপাতালগুলোর রাজউক অনুমোদিত ভবনের নকশা, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগত বিষয় নিবিড়ভাবে যাচাই করা হয়।
পরিদর্শনকৃত হাসপাতালগুলো হলো সূত্রাপুরের ওয়াল্টার রোডে অবস্থিত মিলেনিয়াম স্পেশালাইজড হসপিটাল লি., একই এলাকার আর এম দাস রোডে অবস্থিত ক্যাপিটাল হসপিটাল লি. এবং ওয়ারীর দয়াগঞ্জ রোডে অবস্থিত সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটাল লি.।
পরিদর্শনকারী দলের নেতৃত্ব দেন রাজউকের পরিচালক (উপসচিব) জনাব মো. মাইনুল আবেদীন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জোন-৭-এর অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক এবং ইমারত পরিদর্শকগণ।
পরিদর্শনকালে মিলেনিয়াম স্পেশালাইজড হসপিটাল লি. এবং সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটাল লি. কর্তৃপক্ষ রাজউক অনুমোদিত ভবনের নকশা তাৎক্ষণিকভাবে প্রদর্শন করতে ব্যর্থ হয়। তবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ আগামীকাল অনুমোদিত নকশা উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। এ প্রেক্ষিতে রাজউকের জোন-৭-এর কর্মকর্তারা আগামীকাল পুনরায় উক্ত দুটি হাসপাতাল পরিদর্শন করবেন বলে জানা গেছে।
অন্যদিকে, ক্যাপিটাল হসপিটাল লি. কর্তৃপক্ষ পরিদর্শনকালে রাজউক অনুমোদিত ভবনের নকশা যথাযথভাবে প্রদর্শন করতে সক্ষম হয়। পরিদর্শনের সময় হাসপাতালগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, জরুরি নির্গমন পথ (ইমার্জেন্সি এক্সিট), পার্কিংয়ের যথাযথ ব্যবহার, ফায়ার অ্যালার্ম ব্যবস্থা এবং ফায়ার হাইড্রেন্ট সচল রয়েছে কিনা তাও সরেজমিনে পরীক্ষা করা হয়।
রাজউক সূত্রে জানানো হয়, পরিদর্শনকালে কোনো ধরনের ব্যত্যয় বা অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তা দ্রুত সংশোধনের জন্য নির্দেশনা প্রদান করা হবে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবন নির্মাণ বিধিমালা ও অগ্নি নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রাজউকের ফায়ার সেফটি কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।
