চুয়াডাঙ্গার দামুড়হুদায় কুয়ার ভেতর থেকে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শরিফা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার শরিফা খাতুন উপজেলার গোবিন্দহুদা গ্রামের বাসিন্দা। তিনি মো. হারুনুর রশিদের স্ত্রী। এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১২-এর অধিনায়কের নির্দেশনায় সিপিসি-৩-এর একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালিয়ে শরিফা খাতুনকে গ্রেপ্তার করে। এ সময় কুয়ার ভেতর থেকে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা খাতুন দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(গ) উপধারায় দামুড়হুদা মডেল থানায় মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্প জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা কাজ করে যাবে।
The post দামুড়হুদায় কুয়া থেকে ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
