চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় চাকসুর উদ্যোগে প্রায় ২০০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩০০টি ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে; নিবন্ধিত যানবাহনকে নম্বরযুক্ত স্টিকার ও নির্দিষ্ট ভেস্ট দেওয়া হবে এবং এগুলো ছাড়া ক্যাম্পাসে চলাচল নিষিদ্ধ থাকবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাসে যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সহজে যানবাহন শনাক্ত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন। এ কার্যক্রমের আওতায় ক্যাম্পাসে চলাচলকারী প্রায় ২০০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩০০টি ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনকালে প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন বলেন, ক্যাম্পাসের যানবাহন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনতে সব সিএনজি ও রিকশা নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসে চলাচলকারী যানবাহনগুলো সহজেই শনাক্ত করা যাবে। এ কার্যক্রমে শুরু থেকেই চাকসু সার্বিক সহযোগিতা করে আসছে। এ জন্য চাকসুসহ সচেতন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ক্যাম্পাসে চলাচলকারী সিএনজি ও রিকশার ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছে চাকসু। গত কয়েক দিন সিএনজি ও রিকশা সমিতির সঙ্গে দফায় দফায় আলোচনার পর শনিবার আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, নিবন্ধিত প্রতিটি যানবাহনকে নির্দিষ্ট নম্বরযুক্ত স্টিকার ও ভেস্ট দেওয়া হবে। নির্ধারিত পোশাক ও স্টিকার ছাড়া কোনো যানবাহন ক্যাম্পাসে চলাচল করতে পারবে না।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে অনিবন্ধিত যানবাহন সহজে শনাক্ত করা যাবে। পাশাপাশি যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীসহ ক্যাম্পাসের অন্যান্য ব্যবহারকারীর যাতায়াত আরও সুশৃঙ্খল করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
