Published : 15 Oct 2026, 12:21 PM
Updated : 15 Oct 2026, 12:21 PM
আমরা ছোটবেলা থেকেই নানা কিছু শিখি। কীভাবে কথা বলতে হয়, মানুষের সঙ্গে মিশতে হয়, পড়াশোনা করতে হয়। তবে এসব শেখার পাশাপাশি অর্থ কীভাবে ব্যবহার করতে হয়, তা জানাও গুরুত্বপূর্ণ।
কারণ, অর্থ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে। ছোটবেলা থেকেই অর্থের সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা থাকলে বড় হয়ে নিজের খরচ সামলানো সহজ হতে পারে।
আমরা অনেকেই হাতখরচ হিসেবে টাকা পাই। সেই টাকা দিয়ে পছন্দের খাবার কিনি, খেলনা কিনি কিংবা বন্ধুদের সঙ্গে কিছু খাই। কখনো কখনো প্রয়োজনের চেয়ে বেশি খরচ করে ফেলি।
আবার মাসের শেষে বুঝতে পারি না, টাকাগুলো কোথায় খরচ হল। অথচ অল্প বয়স থেকেই আয়, খরচ ও সঞ্চয়ের মধ্যে পার্থক্য বুঝতে শেখা সম্ভব।
আমরা চাইলে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে টাকার হিসাব রাখা শিখতে পারি। যেমন, কত টাকা পেলাম, কত খরচ করলাম আর কত টাকা জমা থাকল, তা লিখে রাখা।
কোনো কিছু কেনার আগে সেটি প্রয়োজন, নাকি শুধু পছন্দের কারণে কিনতে চাইছি, তা ভেবেও দেখা যায়। এতে টাকার মূল্য বোঝার পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার অভ্যাসও তৈরি হয়।
এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তারা দৈনন্দিন জীবনের সহজ উদাহরণ দিয়ে শিশুদের টাকা ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিতে পারেন।
পরিবারের বাজারের হিসাব, কোনো জিনিস কেনার পরিকল্পনা কিংবা হাতখরচের টাকা ভাগ করে রাখার মত বিষয় থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি।
তবে সব শিশুর পারিবারিক অবস্থা এক রকম নয়। তাই অর্থ ব্যবস্থাপনা শেখার অর্থ শুধু টাকা জমানো নয়, বরং অর্থের মূল্য বোঝা এবং নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করতে শেখা।
আমার মনে হয়, ছোটবেলা থেকে এই শিক্ষা পেলে আমরা ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে টাকার ব্যবহার করতে পারব।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: কিশোরগঞ্জ।
