গ্যাস খাতের বর্তমান পরিস্থিতি, বৈশ্বিক প্রেক্ষাপট ও প্রাকৃতিক প্রতিকূলতা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে এ কর্মসূচি পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী প্রামানিকের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, দোকানপাট ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
বিতরণ করা লিফলেটে দেশের গ্যাস খাতের বিদ্যমান সংকট এবং এর পেছনে বৈশ্বিক ও প্রাকৃতিক বিভিন্ন কারণ তুলে ধরা হয়। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালী বন্ধের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো পরিবহনে বিঘ্ন, সাগরে বৈরী আবহাওয়ার কারণে জাহাজ থেকে গ্যাস খালাসে জটিলতা এবং বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার বিষয়গুলো উল্লেখ করা হয়।
কর্মসূচি সম্পর্কে আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী প্রামানিক বলেন, গ্যাস খাতের বর্তমান পরিস্থিতি ও সংশ্লিষ্ট তথ্য জনগণের সামনে তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য। বৈশ্বিক পরিস্থিতি ও প্রাকৃতিক কারণে সৃষ্ট সংকট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণ যেন গ্যাস খাতের পরিস্থিতি সম্পর্কে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জানতে পারেন, সে লক্ষ্যেই তাঁরা কাজ করছেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন আলম, যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য লুৎফর রহমান লিটনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি চলাকালে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে লিফলেট গ্রহণ করতে দেখা যায়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে গ্যাস খাতের বর্তমান পরিস্থিতি ও সরবরাহসংক্রান্ত সমস্যার বিভিন্ন দিক সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।
The post আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ appeared first on ভোরের চেতনা.
