
হলিউডে আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজকে আজীবন সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান ও অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে আগামী বছরের এপ্রিলে হলিউডে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে দেওয়া হবে সংস্থাটির মর্যাদাপূর্ণ ‘লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) এ ঘোষণা দেয় আয়োজক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি টম ক্রুজ।
‘রিস্কি বিজনেস’ থেকে ‘টপ গান’—একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেছেন টম ক্রুজ। দীর্ঘ অভিনয়জীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা। বিশেষ করে ‘মিশন: ইম্পসিবল’ সিরিজে দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্য এবং ঝুঁকিপূর্ণ স্টান্টে নিজেই অংশ নেওয়ার জন্য তাঁর রয়েছে আলাদা খ্যাতি। অভিনয়দক্ষতা ও পর্দায় উপস্থিতির মাধ্যমে তিনি হলিউডের অন্যতম প্রভাবশালী তারকায় পরিণত হয়েছেন।
১৯৭৩ সাল থেকে চলচ্চিত্রশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই সম্মাননা দিয়ে আসছে এএফআই। অলাভজনক এই প্রতিষ্ঠানটি চলচ্চিত্র সংরক্ষণ, প্রচার এবং চলচ্চিত্রশিল্পের বিকাশে কাজ করে। এর আগে বেটি ডেভিস, জিন কেলি, এলিজাবেথ টেলর ও টম হ্যাঙ্কসের মতো কিংবদন্তি তারকারা এ সম্মাননায় ভূষিত হয়েছেন। এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় যুক্ত হতে যাচ্ছেন টম ক্রুজ।
এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রযোজক ক্যাথলিন কেনেডি টম ক্রুজের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন। তিনি বলেন, অভিনেতা ও প্রযোজক হিসেবে ক্রুজ নিজের প্রতিটি কাজে অসাধারণ অঙ্গীকারের পরিচয় দেন। সিনেমার প্রতি তাঁর গভীর বিশ্বাস এবং চলচ্চিত্র যে মানুষকে একত্র করতে পারে, সেই উপলব্ধিও বিশেষভাবে প্রশংসনীয়।
অভিনয়ের জন্য তিনবার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের মনোনয়ন পেয়েছেন টম ক্রুজ। এ ছাড়া চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ গত বছর তাকে সম্মানসূচক অস্কার দেয়া হয়। তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘জেরি ম্যাগুয়ার’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘আ ফিউ গুড মেন’, ‘রেইন ম্যান’ এবং ‘মিশন: ইম্পসিবল’ সিরিজ। অ্যাকশন, থ্রিলার ও নাট্যধর্মী সিনেমায় অভিনয়ের মাধ্যমে কয়েক দশক ধরে হলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।
তবে ক্রুজের সর্বশেষ সিনেমা ‘ডিগার’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। বড় বাজেটের এই ডার্ক কমেডি সিনেমাটি অক্টোবরের উদ্বোধনী সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিস তালিকায় পঞ্চম স্থানে ছিল।
