বগুড়ার সোনাতলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর ইউসুফ আলী (৫) নামে এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার বড় বালুয়া এলাকায় বালুয়াহাট ডিগ্রি কলেজের পেছনের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মাহাবালা গ্রামের উজ্জ্বল ইসলাম ও রিনি দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সোনাতলার বড় বালুয়া বাজার এলাকা থেকে নিখোঁজ হয় শিশুটি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন সোনাতলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা উজ্জ্বল ইসলাম।
বুধবার দুপুরে স্থানীয়রা ধানক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, শিশুটির শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। মাথা ও হাত-পায়ের গোড়ালির কিছু অংশ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। নিখোঁজ অংশ উদ্ধারে ধানক্ষেত ও পাশের পুকুরপাড়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সোনাতলা থানার ওসি মো. কবির হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।
