নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২০, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিতে পশ্চিম জোনজুড়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড। উপকূলীয় অঞ্চলের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পূজার শুরু থেকেই ৩ হাজার ৫০০ জন কোস্ট গার্ড সদস্য মাঠপর্যায়ে নিয়োজিত রয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
তিনি জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকার মোট ১৪৪টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা রক্ষায় কোস্ট গার্ড কাজ করছে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে যৌথ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রতিমা বিসর্জনের বিষয়ে সতর্কতার আহ্বান জানিয়ে কোস্ট গার্ড প্রধান বলেন, প্রতিমা বিসর্জনের সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলায় ঘাটগুলোতে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সুন্দর ও নিরাপদ পরিবেশে বিসর্জনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে এবারের শারদীয় দুর্গোৎসবের।
খুলনা গেজেট/এএজে
