ফের বিতর্কে নির্বাচন কমিশন। আবারও শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে জ্ঞানেশ কুমাররা। এবার কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ভোটগণনার সময়ের ফুটেজই নাকি হারিয়ে ফেলেছে কমিশন! কড়া ভাষায় কমিশনকে তিরস্কার করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এসব বরদাস্ত করা হবে না।
২০২৩ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Election Case) শ্রীনগেরি বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। প্রথমে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী টিডি রাজেগৌড়াকে জয়ী বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। বিজেপি প্রার্থী ডিএন জীবারাজ এই ফলাফলকে চ্যালেঞ্জ করেন। ফলে এই কেন্দ্রে পুনর্গণনার নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয়বার গণনায় ২০১ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী।
এবার বিজেপি প্রার্থীর জয়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান কংগ্রেস প্রার্থী। গণনা এবং পুনর্গণনার ভিডিও ফুটেজ দেখানোর আর্জি জানান তিনি। সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ জানিয়ে দেন, এই কেন্দ্রের গণনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনাটা জরুরি। এরপরই বিপত্তি। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানায়, গণনার ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছে না! কমিশনের ওই ব্যাখ্যায় চরম অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। আদালত কমিশনের এই বক্তব্যকে অজুহাত হিসাবেই দেখছে।
কমিশনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলছে, “আমরা কীভাবে বলছেন যে ভিডিও রেকর্ডিং হারিয়ে গিয়েছে। খোঁজার চেষ্টা করছি। আপনাদের কাছে যা যা ফুটেজ আছে পরের শুনানির মধ্যে জড়ো করুন। নাহলে আমরা হস্তক্ষেপ করতে বাধ্য হব। এই ধরনের অজুহাত বরদাস্ত করা হবে না।” কমিশনের এই কড়া পর্যবেক্ষণ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ তাৎপর্যপূর্ণ। মামলার পরবর্তী শুনানি ১৫ ফেব্রুয়ারি।
