প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন গুপ্ত ও পলাতক ফ্যাসিস্টরা এক হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে যেকোনো মূল্যে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে সাইফুদ্দিন আহমেদ মনির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। জাতিসংঘের মতো জায়গায় বিএনপি নেতৃত্ব দিচ্ছে। এমন পরিস্থিতিতে গুপ্ত ও পলাতক ফ্যাসিস্টরা এক হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তবে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে যেকোনো মূল্যে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
সাইফুদ্দিন আহমেদ মনির অবদান স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, সাইফুদ্দিন আহমেদ মনি দেশের সম্পদ। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে লড়াই করেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী তাঁদের সেখানে পাঠিয়েছেন।
আমান উল্লাহ আমান আরও বলেন, ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কটি সাইফুদ্দিন আহমেদ মনির নামে নামকরণের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সঙ্গে কথা বলা হবে। এ সময় তিনি সাইফুদ্দিন আহমেদের জন্য সবার কাছে দোয়া চান।
এর আগে আমান উল্লাহ আমানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সাইফুদ্দিন আহমেদ মনির কবর জিয়ারত করেন। পরে তাঁরা মোনাজাতে অংশ নেন এবং কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সাইফুদ্দিন আহমেদ মনির ছোট ভাই অধ্যাপক মাইনুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম, সাবেক ছাত্রনেতা খন্দকার লুৎফর রহমান এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
