সংবাদ · সাধারণ
নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার
১২/১০/২০২৬

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ অক্টোবর) সকালে কামালপুর হাইওয়ে সড়কের পাশের একটি ঝোপ থেকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন নিহতের স্বামী ইয়াকুব আলী।নিহত রোজিনা আক্তার উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর থেকে রোজিনা আক্তার নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার (১২ অক্টোবর) ভোরে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশের একটি ঝোপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা সেখানে যান। পরে ঝোপের ভেতর অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেওয়া হয়। স্বজনেরা গিয়ে মরদেহটি রোজিনার বলে শনাক্ত করেন।পুলিশের ধারণা, প্রায় তিন দিন আগে তাকে হত্যা করে কিংবা অন্য কোনো উপায়ে মৃত্যুর পর মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।দীর্ঘ তিন দিন নিখোঁজ থাকার পর সড়কপাশ থেকে গৃহবধূর পচা-গলা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মূল প্রতিবেদনে যান ↗