চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থা নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জরুরি সুপারিশ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম চালু করতে উচ্চক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের বিষয়ে ইউজিসির কাছে প্রস্তাব চাওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে ইউজিসিকে জরুরি ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়।
এর আগে গত শুক্রবার চুয়েটের ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভায় সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি বা পরামর্শক দল গঠনের সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।
ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত ওই সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ সিন্ডিকেটের ১৫ সদস্যের মধ্যে ছয়জন অংশ নেন। চুয়েটের কোনো শিক্ষক প্রতিনিধি সভায় যোগ দেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিও সভায় অনুপস্থিত ছিলেন।
গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করা হয়। গত ২৭ জুলাই দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় তাকে পদ ছাড়তে হয়। পরে তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়।
সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচিতে যোগ দেন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
দীর্ঘদিনের অচলাবস্থায় ছয়টি বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন পরীক্ষাসূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত ১২ অক্টোবর নতুন উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করে তালা ভেঙে নিজের কার্যালয়ে যান। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে প্রশাসনিক ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরদিন জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে নিরাপত্তার সঙ্গে ক্যাম্পাস থেকে বের করে আনেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য নিয়োগের ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এ অবস্থায় সংকট নিরসনে ইউজিসির সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিতে চাইছে শিক্ষা মন্ত্রণালয়।
The post চুয়েট ভিসি ইস্যুতে ইউজিসির জরুরি সুপারিশ চায় মন্ত্রণালয় appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
